বাউফলে ব্যক্তিগত অর্থায়নে গভীর নলকূপ স্থাপন
পটুয়াখালীর বাউফল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে ব্যক্তিগত অর্থায়নে একটি গভীর নলকূপ স্থাপন করেছেন বাউফল পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাজী বাড়ি এলাকায় স্থাপিত গভীর নলকূপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকার অনেক পরিবার নিরাপদ ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছিলেন। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির সংকট তীব্র আকার ধারণ করায় স্থানীয়দের চরম দুর্ভোগ পোহাতে হতো।
এলাকাবাসীর দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে মো. হুমায়ুন কবির নিজস্ব অর্থায়নে গভীর নলকূপটি স্থাপনের উদ্যোগ নেন। এতে এলাকার শতাধিক পরিবার বিশুদ্ধ ও নিরাপদ পানির সুবিধা পাবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয়রা বলেন, জনস্বার্থে ব্যক্তিগত উদ্যোগে এ ধরনের মানবিক কর্মকাণ্ড প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা এ ধরনের উদ্যোগে এগিয়ে এলে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নলকূপ স্থাপন প্রসঙ্গে পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির বলেন, “মানুষের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনের সময় সহযোগিতা করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। এই গভীর নলকূপ কোনো রাজনৈতিক উদ্দেশ্যে বা ভোটের চিন্তা থেকে স্থাপন করা হয়নি। মানুষের কল্যাণ এবং সদকায়ে জারিয়ার নিয়তে এ উদ্যোগ গ্রহণ করেছি। আল্লাহ যেন এ কাজ কবুল করেন, সে জন্য সবার কাছে দোয়া চাই।”
উদ্বোধন অনুষ্ঠানে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন আলী বাবুল, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিএনপি নেতা মুজিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এলাকাবাসীর মতে, বিশুদ্ধ পানির মতো মৌলিক চাহিদা পূরণে এই উদ্যোগ স্থানীয় মানুষের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে। পাশাপাশি ভবিষ্যতে অন্যদেরও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসতে উৎসাহিত করবে।
এসএ




Comments