Image description

গোপালগঞ্জে কৃষিজমিতে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চর বরফা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—চর বরফা গ্রামের মৃত শামসু খাঁর ছেলে এনায়েত খাঁ (৪০) ও তার ছেলে মেহেদী হাসান খাঁ (১২)। মেহেদী স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

গোপীনাথপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইকরাম হোসেন জানান, দুপুরে কৃষিজমিতে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দিতে যান এনায়েত ও তার ছেলে মেহেদী। এ সময় এনায়েত বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে গিয়ে মেহেদীও বিদ্যুৎস্পৃষ্ট হয়।

পরে স্বজনরা দুজনকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. এ কে এম সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হলে পরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়।