Image description

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পেছনে ধাক্কা লেগে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— তালাত মাহমুদ শুভ (২২) ও মো. ওমর (২১)। তাঁরা দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যরাতে বৃষ্টির মধ্যে দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি লরির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডিআর