Image description

পটুয়াখালীর দুমকী উপজেলায় মসজিদের ভেতরের একটি কক্ষ থেকে মো. সাইম (২০) নামে এক সানি ইমামের (সহকারী ইমাম) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ি মসজিদে এই ঘটনা ঘটে। মরদেহ উদ্ধারের সময় কক্ষের ফ্যানের হুকের সঙ্গে একটি দড়ি ঝুলন্ত অবস্থায় থাকায় তাঁর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

নিহত সাইম পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের কমপ্লেক্স জামুরা এলাকার মৃত জব্বার মৃধার ছোট ছেলে। তিনি গত দুই বছর ধরে ওই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানোর দায়িত্বে নিয়োজিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে এশার নামাজের আজান দিতে মসজিদে আসেন মো. ইউনুছ হাওলাদার নামে এক স্থানীয় মুসল্লি। মসজিদের দরজা খোলা দেখে তিনি ভেতরে প্রবেশ করেন। ইমামের থাকার কক্ষে গিয়ে তিনি সাইমের মরদেহ খাটের ওপর পড়ে থাকতে দেখেন। এ সময় সিলিং ফ্যানের হুকের সঙ্গে একটি দড়ি ঝুলছিল। খবর পেয়ে দুমকী থানা পুলিশ ও সিআইডির একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করে।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, মরদেহের গলায় ও কাঁধে দাগ পাওয়া গেছে। মরদেহের অবস্থান এবং কক্ষের পরিস্থিতির কারণে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, "সিআইডি এবং পুলিশ নিবিড়ভাবে বিষয়টি খতিয়ে দেখছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।"

ডিআর