লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় শ্রবণ প্রতিবন্ধী যুবকের মৃত্যু
চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সাইফুল ইসলাম (৪০) নামে এক শ্রবণ প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম খৈয়ারকূল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম ওই এলাকার আব্দুস সুবহানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ফয়েজ আহম্মদ জানান, দুপুরে সাইফুল বাড়ি থেকে বের হয়ে রেললাইন পার হয়ে আমিরাবাদ সদরে যাচ্ছিলেন। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের সাথে তার ধাক্কা লাগে। শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় ট্রেনের শব্দ শুনতে না পাওয়ায় তিনি সরতে পারেননি এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আধুনগর রেলওয়ে স্টেশন মাস্টার দিদার হোসেন জানান, দুপুরে কক্সবাজার থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে দুর্ঘটনাস্থলটি ঠিক কোন স্টেশনের সীমানায় পড়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার পর পরিবারের সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছেন।
ডিআর




Comments