Image description

মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর আন্ডারপাসের পশ্চিম পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে রেললাইনের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঢাকা-ভাঙ্গা রেললাইনে চলাচলকারী কোনো একটি ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

শিবচরের দত্তপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. এজারত হোসেন জানান, নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। মাথা চূর্ণ-বিচূর্ণ হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

ডিআর