Image description

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টায় শহরের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, শহর বিএনপির সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রধানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দুপুর ১২টায় স্থানীয় শহীদ ডা. আবুল কাশেম ময়দানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারি।

বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক কর্মকাণ্ড এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের করার কর্মসূচি রয়েছে। এছাড়া কেক কাটা ও অন্যান্য কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এসএ