Image description

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু বলেছেন, “যারা একাত্তর, মহান মুক্তিযুদ্ধ এবং ৩০ লাখ শহীদের আত্মত্যাগকে অস্বীকার করে, তারা মূলত বাংলাদেশের অস্তিত্বকেই অস্বীকার করে। তাদের এ দেশে থাকার কোনো অধিকার নেই।”

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরকত উল্লাহ বুলু বলেন, দেশের স্বাধীনতা অর্জনের পেছনে লাখো মানুষের মহান আত্মত্যাগ রয়েছে। সেই ইতিহাসকে বিকৃত বা অস্বীকার করে রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণ করা সম্ভব নয়। তিনি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী এবার শুধু গতানুগতিক রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ রাখা হয়নি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবার জনগণের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে দিবসটি পালন করা হচ্ছে। স্থানীয় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে আমিষের চাহিদা পূরণ ও উৎপাদন বৃদ্ধি এবং বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাকি, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদ এবং চৌমুহনী পৌরসভা বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন। এছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।

ডিআর