পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি
বগুড়ার শিবগঞ্জে এক শ্রবণপ্রতিবন্ধী বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী আব্দুল বারী ঢাকা থেকে নিজস্ব নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনে সরকারি সফরে যাচ্ছিলেন। পথিমধ্যে গোপীনাথপুর এলাকায় ফিরোজা নামে এক বধির বৃদ্ধা হঠাৎ রাস্তার ওপর চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।
দুর্ঘটনার সময় প্রতিমন্ত্রীর সঙ্গে গাড়িতে তার সহধর্মিণীও ছিলেন। এতে প্রতিমন্ত্রীর ব্যবহৃত গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি শরীরের বিভিন্ন স্থানে সামান্য আঘাত পেয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তিনি বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন।
অন্যদিকে, আহত বৃদ্ধা ফিরোজা বেগমকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়েছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘রাস্তা পার হতে যাওয়া এক শ্রবণপ্রতিবন্ধী নারীকে বাঁচাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রতিমন্ত্রী ও আহত নারী বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।’
ডিআর




Comments