আদমদীঘিতে সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামে বিক্রি, গুদাম সিলগালা
বগুড়ার আদমদীঘিতে অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে এক সার ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১ হাজার ৬৭৫ বস্তা সার জব্দসহ দুটি গুদাম সিলগালা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার নসরতপুর বাজারে ‘মেসার্স সজিব এন্টারপ্রাইজ’-এ অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সজিব সাহাকে এই দণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা বেগম।
আদালত সূত্রে জানা যায়, সজিব সাহা তার দুটি গুদামে টিএসপি ও এমওপিসহ বিভিন্ন ধরনের রাসায়নিক সার অবৈধভাবে মজুদ করে রেখেছিলেন। এর মধ্যে চাঁপাপুর পয়েন্টের জন্য বরাদ্দকৃত সারও ছিল। কৃষকদের মধ্যে কৃত্রিম সংকট তৈরি করে এসব সার নির্ধারিত মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি দামে বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সত্যতা পায় উপজেলা প্রশাসন। পরে সার ব্যবস্থাপনা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়।
জব্দকৃত ১ হাজার ৬৭৫ বস্তা সার পরবর্তীতে সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে বিক্রির সিদ্ধান্ত দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সজল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম বলেন, ‘দেশে পর্যাপ্ত সার রয়েছে। কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের কাছে অতিরিক্ত দামে সার বিক্রির কোনো সুযোগ নেই। উপজেলার সব সার ডিলার ও বিক্রেতাকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
ডিআর




Comments