ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তিমূলক পরিবেশ ও উৎসবের আমেজে খুলনার পাইকগাছায় ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে আলোচনা সভা, বিশেষ প্রার্থনা এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটি পালন করেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।
উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালী বাড়িতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী।
আলোচনা সভা শেষে পাইকগাছা সদরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শঙ্খধ্বনি, কীর্তন, ধর্মীয় পতাকা ও ব্যানার-ফেস্টুন নিয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুলসংখ্যক নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক শ্রী প্রাণকৃষ্ণ দাসের সভাপতিত্বে ও সদস্য সচিব হিমাদ্রী শেখর দের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল, পূজা উদযাপন পরিষদের নেতা সাধন কুমার ভদ্র, সমীরণ কুমার সাধু ও অলোক মজুমদার।
এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিয়ে সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
ডিআর




Comments