Image description

গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুইজন। শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের চেয়ারম্যান বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— টাঙ্গাইলের মির্জাপুর থানার বাঁশতৈল ইউনিয়নের চেল্লাগাতিচালা এলাকার মো. হাসেম মিয়ার স্ত্রী নাসিমা আক্তার (৬০) ও তার ছেলে আসাদুল (১৮)। নিহত অপর একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। আহতদের নাম-ঠিকানাও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কালিয়াকৈরগামী একটি মালবাহী কাভার্ডভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা বংখুরীগামী একটি যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে প্রাণ হারান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় শনাক্তের কাজ চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডিআর