Image description

হবিগঞ্জের লাখাই উপজেলার বিভিন্ন মন্দিরে পরমেশ্বর শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব (৫২৫৩তম) তিথি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বামৈ শ্রীশ্রী আনন্দময়ী কালী মন্দিরের জন্মাষ্টমী উদযাপন কমিটি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রথমে মন্দির প্রজ্জ্বালন বা প্রদীপ জ্বালিয়ে এর শুভ সূচনা করা হয়। এ সময় সনাতন নারীদের উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে পুরো পরিবেশ মুখরিত হয়ে ওঠে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮:৩০ মিনিটে মোড়াকরি বড় আখড়া এবং সকাল ১০ টায় বামৈ শ্রীশ্রী আনন্দময়ী কালী মন্দির ও রাঢ়িশাল মহাপ্রভুর আখড়া প্রাঙ্গণ থেকে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শিশু, মহিলা ও বৃদ্ধসহ সর্বস্তরের শত শত সনাতন ধর্মাবলম্বীর সরব অংশগ্রহণে এই র‍্যালিটি এক বিশাল মিলনমেলায় পরিণত হয়। ঢাকঢোলের বাদ্য ও উৎসবমুখর পরিবেশে র‍্যালিটি আনন্দময়ী কালী মন্দির থেকে শুরু হয়ে হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে শ্রীশ্রী গোপাল জিউর মন্দির প্রাঙ্গণ হয়ে পুনরায় আনন্দময়ী কালী মন্দিরে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বিশ্বজিৎ ভট্টাচার্য। এতে বক্তব্য রাখেন লাখাই উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক আশীষ দাশ গুপ্ত, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব রনজিত দেব, পূজা ফ্রন্টের আহ্বায়ক অপূর্ব চন্দ্র দেব, মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সল মোল্লা, করাব ইউনিয়ন কল্যাণ ফ্রন্টের সভাপতি পরেশ সূত্রধর, বুল্লা ইউনিয়ন কল্যাণ ফ্রন্টের সভাপতি শুভ মোদক, কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক শমিরন শীল, নিপেশ সরকার, অর্জুন মোদক, জনক চন্দ্র দেব, দুর্লভ সরকার, উজ্জ্বল দেব ও দিলীপ সূত্রধর প্রমুখ।

আশীষ দাশ গুপ্ত জানান, শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে দিনটি উদযাপন করেছেন এবং ভক্তরা শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভের আশায় মন্দির ও বাসাবাড়িতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করেছেন। এ সময় লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদের নেতৃত্বে পুলিশের পক্ষ থেকে শোভাযাত্রার সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করা হয়।

এসএ