ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ ও কটূক্তিমূলক বক্তব্য
৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিভিন্ন ব্যঙ্গচিত্র প্রকাশ ও কটূক্তিমূলক বক্তব্য প্রচারের অভিযোগে ছয়জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। একই অভিযোগে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফুলছড়ি থানায় গিয়ে অভিযোগটি দায়ের করেন উপজেলার এরেণ্ডাবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান।
অভিযোগে নাম উল্লেখ করা ব্যক্তিরা হলেন—এরেণ্ডাবাড়ী ইউনিয়নের সুমন মোল্লা (২৫), বাদশা মোল্লা (৫০), জাহিদ হাসান নয়ন (২৮), ফজলে রাব্বি (২৫), এস এম রফিকুল ইসলাম (৫৫) এবং শফিকুল ইসলাম ওরফে শফি (৪২)। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
লিখিত অভিযোগে মাহমুদুল হাসান দাবি করেন, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিভিন্ন ব্যঙ্গচিত্র প্রকাশ এবং কটূক্তিমূলক বক্তব্য প্রচার করে আসছিলেন। এসব পোস্টের মাধ্যমে বিভ্রান্তিকর ও মানহানিকর প্রচারণা চালানো হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগকারী আরও দাবি করেন, এ ধরনের পোস্ট ও বক্তব্যের কারণে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে মুঠোফোনে তিনি জানান, অভিযোগটি যাচাই-বাছাই করে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এসএ




Comments