Image description

মাধবপুর উপজেলার মৌজপুর বাজারের তিনটি দোকান আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
সোমবার (৭ সেপ্টেম্বর) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বহরা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মন্নানের মালিকানাধীন সার ও কীটনাশকের দোকান ইসলাম ট্রেডার্স, হাসানুজ্জামান বাবুর মুদি দোকান এবং একটি টেইলারের দোকান পুড়ে যায়।
স্থানীয়রা জানান, গভীর রাতে বাজারে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় দোকানের ভেতরে থাকা মালামাল বের করে আনার সুযোগ পাননি ব্যবসায়ীরা। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে তা নিয়ন্ত্রণে আনতে পারেননি। পরে ৯৯৯-এ খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।
ইসলাম ট্রেডার্সের সার ও কীটনাশকসহ প্রায় সব মালামাল পুড়ে গেছে। দোকানটির মালিকের হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা। অন্যদিকে, হাসানুজ্জামান বাবুর মুদি দোকানের বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান তিনি। একই আগুনে টেইলারের দোকানের কাপড়, সেলাই মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। ভোরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, তিনটি দোকানই পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ছাইয়ের স্তূপের মধ্যে পড়ে আছে পোড়া মালামাল ও ভাঙাচোরা সরঞ্জাম। সর্বস্ব হারিয়ে হতাশায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
এদিকে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।
মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মনতোষ মল্লিক বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনি।’
মাধবপুরের উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান জানান, অগ্নিকান্ডের ঘটনা শুনে একজন কর্মকর্তাকে সেখানে পাঠানো হয়েছে। বিধি মোতাবেক সরকারী সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হবে।
এসএ