Image description

কুমিল্লার মুরাদনগরে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে এসআই রাজু বড়ুয়ার নেতৃত্বে এএসআই কুসুম বড়ুয়া ও সঙ্গীয় ফোর্স উপজেলার নবীপুর (পশ্চিম) ইউনিয়নের উত্তর ত্রিশ এলাকায় শারমিন ব্রিকফিল্ডের ভেতরে টিনের ঘরের সামনে অভিযান চালান। এ সময় ২৭০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা উত্তর ত্রিশ (সরকার বাড়ি) এলাকার মৃত সাজু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (৩২), নবীপুর (পূর্ব) ইউনিয়নের নগরপাড় এলাকার আতিকুর রহমান ওরফে সুজন (২৪), যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া (পশ্চিমপাড়া) এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মো. হাসান (২৩) এবং নবীপুর (পূর্ব) ইউনিয়নের নগরপাড় এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে লাল মিয়া (৩০)।
অপরদিকে, একই রাতে এসআই কামরুজ্জামানের নেতৃত্বে মুরাদনগর সদরের উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবাসহ মো. কাওসার (২৪) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। কাওসার মুরাদনগর উত্তরপাড়া এলাকার মো. তৈয়ব আলীর ছেলে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, “মুরাদনগরকে মাদকমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”
এসএ