কুষ্টিয়ার পর্যটন ও বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত পদ্মা ও গড়াই নদী এবং ঐতিহ্যবাহী হরিপুর ব্রিজ এলাকায় উচ্চস্বরে গানবাজনা ও অশ্লীলতা প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে জেলা পুলিশ। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে নৌকা ও সাউন্ড সিস্টেম ব্যবসায়ীদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
সভায় পদ্মা ও গড়াই নদীকেন্দ্রিক নৌভ্রমণে শব্দদূষণ ও অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে নৌযানের মালিক এবং সাউন্ড সিস্টেম ব্যবসায়ীদের প্রতি বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।
বিশেষ করে রাতের বেলা গড়াই নদীতে বিশৃঙ্খলা এড়াতে সন্ধ্যার পর নদীতে সব ধরনের নৌযান চলাচল ও বিনোদনমূলক কার্যক্রম বন্ধ রাখার জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দকে অনুরোধ জানান পুলিশ সুপার।
নির্দেশনায় বলা হয়, জনউপদ্রব সৃষ্টি করে সাউন্ড বক্সে উচ্চস্বরে গান বাজানো কিংবা যেকোনো ধরনের অশালীন পরিবেশ তৈরি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ জাকির হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানান। তারা নদী এলাকার পরিবেশ শান্ত, সুন্দর ও নিরাপদ রাখতে প্রশাসনের সঙ্গে একাত্ম হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসএ




Comments