Image description

মুন্সিগঞ্জে এক ব্যক্তি নিজেকে ইমাম মাহদী দাবি করে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে স্থানীয়ভাবে আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের উত্তেজনা বা অস্থিরতা সৃষ্টি না করে ধর্মপ্রাণ মুসল্লিদের শান্ত ও ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ব্যক্তির বক্তব্যকে কেন্দ্র করে বিষয়টি নিয়ে মুন্সিগঞ্জের বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের একাংশ বিষয়টিকে ধর্মীয়ভাবে স্পর্শকাতর উল্লেখ করে প্রশাসন ও ধর্মীয়ভাবে দায়িত্বশীল ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্টদের পক্ষ থেকে বলা হয়েছে, ওই ব্যক্তির বক্তব্যকে কেন্দ্র করে কোনো ধরনের অস্থিরতা বা উত্তেজনা সৃষ্টি করা উচিত নয়। বিষয়টি যথাযথভাবে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে ওই ব্যক্তির মানসিক ও ধর্মীয় অবস্থার বিষয়টিও দায়িত্বশীলভাবে বিবেচনা করার কথা বলা হয়েছে।

সংশ্লিষ্টদের দাবি, বিষয়টি নিয়ে মুন্সিগঞ্জের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আলেম সমাজের নেতৃবৃন্দের মধ্যে আলোচনা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টরা একমত হয়েছেন বলেও জানানো হয়েছে।

এ সময় ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি গুজব ও উত্তেজনা এড়িয়ে চলার পাশাপাশি আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে দায়িত্বশীল মহলের সিদ্ধান্তের ওপর আস্থা রাখার অনুরোধ জানানো হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, প্রয়োজনীয় উদ্যোগের মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হবে এবং ঘটনাটিকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হবে না।

এসএ