পটুয়াখালীর কলাপাড়ায় সাগরে জাল ফেলতে দাবিকৃত ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছধরা ট্রলারে হামলা চালিয়ে চার জেলেকে আহত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধুলাসার ইউনিয়নসংলগ্ন বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।
আহত জেলেরা হলেন মো. জাহাঙ্গীর (২৭), মো. মনির (২৩), ওমর ফারুক (৪৫) ও মোস্তফা (৪২)। তাঁদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের সবার বাড়ি ধুলাসার ও ডালবুগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
আহত জেলেরা জানান, গত কয়েক দিন ধরে সাগরে জাল ফেলতে গেলে জেলে ওমর ফারুকের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন শাহআলম। চাঁদা না দিয়ে বৃহস্পতিবার সকালে ওমর ফারুক চার জেলেকে নিয়ে ট্রলারে করে বঙ্গোপসাগরে জাল ফেলতে যান।
পরে শাহআলম চৌকিদারের ছেলে ইলিয়াস একটি ট্রলার নিয়ে তাঁদের কাছে গিয়ে দাবিকৃত ১ লাখ টাকা চান। এ সময় টাকা না দেওয়ায় ইলিয়াস সাগর থেকে তাঁদের জাল নিয়ে চলে আসেন বলে অভিযোগ করেন আহত জেলেরা।
এরপর শাহআলম, তাঁর ছেলে ইলিয়াস ও রিয়াজসহ ২০ থেকে ২৫ জন সাগরে গিয়ে ওমর ফারুকসহ ট্রলারে থাকা চার জেলের ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। এতে চার জেলে আহত হলে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান।
তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন শাহআলম চৌকিদার। তিনি বলেন, “জাল ফেলা নিয়ে আমার ছেলের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়েছে। কিন্তু চাঁদা দাবির কোনো ঘটনা ঘটেনি। চাঁদার বিষয়টি সম্পূর্ণ বানোয়াট।”
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এসএ




Comments