মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা ও পরিচ্ছন্নতা অভিযান
নরসিংদীর মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজীব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান, বিএনপি নেতা গোলাম মোস্তফাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় বক্তারা বলেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব এখন শুধু জেলা শহরেই সীমাবদ্ধ নেই, মফস্বল এলাকাতেও এর বিস্তার ঘটছে। ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে উপজেলার স্কুল-কলেজ ও ইউনিয়ন পর্যায়ে সচেতনতামূলক প্রচারণা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। পাশাপাশি পৌর এলাকায় জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার ও মশক নিধন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, “শুধু সভা করে আমরা বসে থাকব না, সিদ্ধান্ত বাস্তবায়নে আজ থেকেই কার্যক্রম শুরু করা হবে। স্কুল, কলেজ, বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হবে। পুরো উপজেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। পৌরসভায় মশক নিধন কর্মসূচিও চলছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু মোকাবিলা করতে হবে।”
পরে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এসএ




Comments