Image description

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে মোটরসাইকেলের ধাক্কায় হৃদয় (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সাজ্জাদ (২৪) নামে আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে ঢাকা অভিমুখে যাওয়ার সময় কুচিয়ামোড়া ব্রিজের ঢালে পৌঁছালে মোটরসাইকেলটির চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় মোটরসাইকেলটি সড়কের রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন গুরুতর আহত হন।

খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে। পরে আহত সাজ্জাদকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। নিহত হৃদয়ের মরদেহ বডি ব্যাগে তুলে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিস।

নিহত হৃদয় দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত সায়েদ মিয়ার ছেলে। আহত সাজ্জাদ সিরাজদিখান উপজেলার উত্তর ঘোড়ামারা এলাকার রবিউল আউয়ালের ছেলে।

হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডিআর