Image description

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।

কেএমপি সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা ১০ মিনিটের দিকে সোনাডাঙ্গা মডেল থানাধীন শিববাড়ী মোড় থেকে তেঁতুলতলাগামী পাকা সড়কে মিছিল করার সময় পুলিশ দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন—মোঃ তনু সরদার (৩৩), পিতা মৃত ইসলাম সরদার, সাং গোবরচাকা নবীনগর, সোনাডাঙ্গা, খুলনা এবং মোঃ ইব্রাহিম হোসেন (২৮), পিতা মোঃ এসকেন মিয়া, ৬৭ শেখপাড়া মেইন রোড, সোনাডাঙ্গা, খুলনা।

পুলিশের দাবি, মিছিলকারীরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি রাস্তার ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে প্রতিবন্ধকতা সৃষ্টি, যানবাহন ভাঙচুর এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিসাধনের উদ্দেশ্যে জনমনে আতঙ্ক সৃষ্টি করছিলেন।

এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় এফআইআর নং-১৩, তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-২১০, তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬-এর মাধ্যমে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮/৯(৩)/১০/১৩ ধারায় মামলা দায়ের করা হয়। ঘটনাস্থল থেকে আসামিদের ব্যবহৃত দুটি স্মার্টফোন ও মিছিলে ব্যবহৃত একটি ব্যানার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পরবর্তীতে গোপন তথ্য ও ভিডিও ফুটেজ পর্যালোচনার মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার সন্দেহভাজন আসামি মোঃ সোহাগ হাওলাদার (৪০), পিতা মৃত খোরশেদ হাওলাদার, মাতা মৃত পরি বানু, পশ্চিম টুটপাড়া, খুলনা সদর, খুলনাকে গ্রেফতার করা হয়। ১১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ৭টা ২০ মিনিটে পশ্চিম টুটপাড়া এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তিন আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

এসএ