Image description

মুন্সিগঞ্জের সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধের জেরে আওলাদ হোসেন শেখ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও মামলার প্রধান আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া মাঠে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত আওলাদ হোসেন শেখের ভাই বেলায়েত শেখ। এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলী আনছার মোল্লা এবং কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টু।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে আওলাদ হোসেন শেখকে হত্যা করে মাটির নিচে পুঁতে রাখা হয়। হত্যাকাণ্ডের ৫২ দিন পর পুলিশ মাটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় মামলা দায়ের করা হলেও প্রায় তিন মাস পেরিয়ে গেলেও মামলার ১ নম্বর আসামি নিহতের স্ত্রী রানী বেগম ও ৪ নম্বর আসামি বোরহান বেপারী এখনো গ্রেপ্তার হননি বলে অভিযোগ করেন তারা।

বক্তারা বলেন, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

নিহতের পরিবারের অভিযোগ, মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মুকুল মিয়া বলেন, মামলায় মোট ছয়জন আসামির মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুজনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। খুব শিগগিরই তাদেরও গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এসএ