Image description

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর ও কটকস্থল এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসব ঘটনায় আরও একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ বিজয়পুর এলাকায় শারমিন ক্লিনিকের সামনে যাত্রীবাহী একটি পরিবহনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরাফাত রহমান বাবু (৩২) নিহত হন। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী আসাদুল ইসলাম (৩১) গুরুতর আহত হয়েছেন।

নিহত আরাফাত রহমান বাবু দুই সন্তানের জনক। তিনি গৌরনদীর আশোকাঠী গ্রামের বাসিন্দা এবং বর্তমানে মাহিলাড়া এলাকায় বসবাসরত অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হানিফ আকনের পালিত ছেলে। আহত আসাদুল ইসলামও আশোকাঠী গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে কুয়াকাটাগামী তাজবী পরিবহনের একটি বাস দুর্ঘটনাস্থলের স্পিডব্রেকার অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে পাশের উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরাফাত রহমান বাবুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আসাদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে অপর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান তুরাগ (৩২) নিহত হন।

নিহত তুরাগ বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজকর এলাকার মৃত আব্দুল গনি হাওলাদারের ছেলে। তিনি বাবুগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মোস্তফা কামাল চিশতির ছোট ভাই।

তুরাগের সঙ্গে থাকা বন্ধু তরিকুল ইসলাম জানান, তারা চার বন্ধু দুটি মোটরসাইকেলে করে ঢাকা থেকে বাবুগঞ্জের নিজ গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। পথে গৌরনদীর কটকস্থল এলাকায় পৌঁছালে তুরাগের চালানো মোটরসাইকেলটি মহাসড়কের মাঝখানে থাকা একটি খাদে পড়ে যায়। এতে তিনি মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।

গৌরনদী হাইওয়ে থানার এসআই শরিফুল ইসলাম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবারের দুর্ঘটনায় জড়িত দুটি যানবাহন আটক করা হয়েছে। তবে বৃহস্পতিবার রাতে দুর্ঘটনার পর সংশ্লিষ্ট ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় সেটি শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, পৃথক দুটি দুর্ঘটনার ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএ