Image description

গবেষণা ও উদ্ভাবনের ধারণাকে বাজারমুখী করার লক্ষ্যে রাজধানীতে শুরু হওয়া ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ অংশ নিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের ৭টি টিম। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত এ মেলায় রুয়েটের শিক্ষার্থীরা দুটি স্টলে তাদের উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তি প্রদর্শন করছে।

শিক্ষার্থীদের উৎসাহ দিতে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। এ সময় তিনি শিক্ষার্থীদের স্টল পরিদর্শন করেন এবং তাদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে খোঁজ নেন।

‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যে আয়োজিত এ মেলার লক্ষ্য বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, উদ্ভাবক, শিল্পখাত ও বিনিয়োগকারীদের একই প্ল্যাটফর্মে এনে গবেষণা ও উদ্ভাবনকে বাস্তব প্রয়োগ ও বাজারজাতকরণের সঙ্গে যুক্ত করা।

এবারের মেলায় রুয়েটের ৭টি টিম ৬৮ ও ৬৯ নম্বর দুটি স্টলে নিজেদের উদ্ভাবনী ধারণা, প্রকল্পের প্রোটোটাইপ ও পোস্টার প্রদর্শন করছে। টিমগুলোর তত্ত্বাবধানে রয়েছেন রুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার ও সহকারী পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী।

সংশ্লিষ্টরা জানান, জাতীয় পর্যায়ের এ আয়োজনে রুয়েট শিক্ষার্থীদের অংশগ্রহণ তাদের উদ্ভাবনী চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা তুলে ধরার পাশাপাশি শিল্প ও বিনিয়োগ খাতের সঙ্গে সংযোগ তৈরির সুযোগ সৃষ্টি করবে।

তিন দিনব্যাপী মেলায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, ব্যাংক, করপোরেট ও প্রযুক্তিসংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনের পাশাপাশি প্লেনারি ও প্যারালাল সেশন, গোলটেবিল বৈঠক ও সংলাপ অনুষ্ঠিত হবে।

এসএ