বিগত ১৮ বছরে বিদ্যুৎ ও গ্যাস খাতকে ধ্বংস করা হয়েছে: ধর্মমন্ত্রী
গত ১৮ বছরে দেশের বিদ্যুৎ ও গ্যাস খাতকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)। তিনি উল্লেখ করেন, এই ধ্বংসস্তূপ থেকে খাত দুটিকে পুনর্গঠন করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে বর্তমান সরকারকে প্রয়োজনীয় সময় দিতে হবে। ধৈর্য ধরে সময় দিলে চলমান সংকট দ্রুত কেটে যাবে বলে তিনি আশ্বস্ত করেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত 'মাসব্যাপী ইসলামী বইমেলা-২০২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উদাহরণ টেনে ধর্মমন্ত্রী বলেন, নবজাতককে জন্মগ্রহণের পরেই ‘আব্বা’ ডাকতে বললে তা যেমন সম্ভব নয়, ঠিক তেমনি নবগঠিত সরকারকেও পুনর্গঠনের কাজের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। মহান আল্লাহর ওপর আস্থা রেখে এবং সরকারকে সহযোগিতা করলে দেশের সব সংকটের সমাধান সম্ভব বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
বইমেলার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, সাধারণ মানুষের মাঝে নৈতিক মূল্যবোধ ও মহানবী (সা.)-এর শান্তির বার্তা ছড়িয়ে দিতে এই আয়োজন ভূমিকা রাখবে। অতীতের রাজনৈতিক প্রভাব প্রসঙ্গে তিনি বলেন, গত ১৮ বছর ইসলামিক ফাউন্ডেশনকে আওয়ামী লীগীকরণ করা হয়েছিল। এই প্রতিষ্ঠানকে অতীতের প্রভাব মুক্ত করে কোরআন ও হাদিস প্রচারের প্রকৃত কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে এবং দুর্নীতির অবসান ঘটিয়ে প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
সরকারের বিভিন্ন অর্জনের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, ২০২৬ সালে সরকারি ব্যবস্থাপনার ৪ হাজার ৩৪১ জন হাজির অব্যয়িত ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে এ বছর হজের বিমানভাড়া ১ লাখ ৩০ হাজার টাকায় নির্ধারণ করা হয়েছে, যা ২০২৩ সালে ছিল ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা।
তিনি আরও জানান, স্বাধীনতার পর প্রথমবার দেশের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও সেবাইতদের জন্য সরকারি ভাতার উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইতোমধ্যেই ১৩ হাজার ৯৪৯ জনকে এই ভাতার আওতায় আনা হয়েছে। পাশাপাশি ‘কৃষক কার্ড’, ‘ফ্যামিলি কার্ড’ চালুসহ দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ. এইচ. এম. কামরুজ্জামান ডিজিটাল যুগে বিভ্রান্তি এড়াতে ই-বুক ও ডিজিটাল আর্কাইভের মাধ্যমে সঠিক ইসলামী জ্ঞান সহজলভ্য করার আহ্বান জানান। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকীর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত এই সসভায় বিভিন্ন কর্মকর্তা ও প্রকাশনা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০৬টি স্টল নিয়ে আয়োজিত এই মেলা আগামী ১১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা (ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ১০টা) পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
ডিআর




Comments