Image description

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার শিকলবাহা চৌমুহনী এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসে থাকা চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ।

নিহতরা হলেন—কক্সবাজারের ঈদগাহ এলাকার বাসিন্দা নিয়াজ মোর্শেদ (২২), তার ছোট বোন মিমতাহ (১৭), তাদের মামা মো. ফেরদৌস আলম (৫৫) এবং মাইক্রোবাস চালক মো. মুন্না।

পুলিশ ও স্বজনরা জানান, চট্টগ্রাম নগরের আগ্রাবাদে মিমতাহর বড় বোনের বিয়ের অনুষ্ঠান শেষে মাইক্রোবাসযোগে পরিবার ও স্বজনদের নিয়ে কক্সবাজারে ফিরছিলেন তারা। শিকলবাহা চৌমুহনী এলাকায় ইউটার্ন নেওয়ার সময় একটি কাভার্ড ভ্যান মাইক্রোবাসটিকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মিমতাহ ও তার মামা ফেরদৌস মারা যান। পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক নিয়াজ ও চালক মুন্নাকে মৃত ঘোষণা করেন।

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা সম্ভব হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযানসহ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডিআর