Image description

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদকের টাকার জন্য মাকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের মঠখোলা চরদেওকান্দি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রিয়াদ (২০) ওই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক বড় ভাই হৃদয় হোসেনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, রিয়াদ মাদকাসক্ত ছিলেন এবং মাদকের টাকার জন্য প্রায়ই মাকে মারধর করতেন। ঘটনার দিন হৃদয় ঢাকা থেকে বাড়িতে ফিরে বিষয়টি জানতে পারেন। মাকে নির্যাতনের বিষয়ে রিয়াদকে জিজ্ঞাসাবাদ করতে গেলে দুই ভাইয়ের মধ্যে প্রচণ্ড বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে হৃদয় ছোট ভাই রিয়াদের বুকে ছুরি বসিয়ে দেন।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রিয়াদকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান জানান, ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত হৃদয়কে আটক করেছে। এ ঘটনায় নিহতের মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ডিআর