Image description

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১১ নম্বর খারুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ ওয়ালী উল্লাহ (অলি) বলেছেন, “আমি চেয়ারম্যান হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। খারুয়া ইউনিয়নকে একটি আধুনিক ও রোল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার প্রত্যাশা।”

তিনি বলেন, শুধু রাস্তাঘাট, কালভার্ট কিংবা অবকাঠামোগত উন্নয়ন করলেই একটি ইউনিয়নের প্রকৃত উন্নয়ন হয় না। মানুষের জীবনমানের উন্নয়নের জন্য চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থান, বিশুদ্ধ পানি, স্যানিটেশন, সামাজিক নিরাপত্তা ও সহজ নাগরিক সেবা নিশ্চিত করাও জরুরি।

আলহাজ্ব মোঃ ওয়ালী উল্লাহ বলেন, “নাগরিক সেবা শুধু জন্মনিবন্ধন বা একটি-দুটি সেবার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ইউনিয়ন পরিষদের সব ধরনের সেবা হবে জনবান্ধব ও সহজলভ্য। নাগরিক সেবা নিতে কোনো মানুষকে দিনের পর দিন চেয়ারম্যানের পেছনে ঘুরতে হবে—এমন সংস্কৃতি আমি চাই না।”

তিনি আরও বলেন, সরকারি বিভিন্ন ভাতা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, চিকিৎসা সহায়তা, শিক্ষা সহায়তাসহ সরকারি সুযোগ-সুবিধা প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে উদ্যোগ নেওয়া হবে। যোগ্য ব্যক্তিরা যাতে হয়রানি কিংবা দালালের শরণাপন্ন না হয়ে সেবা পান, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

“আমি অনেক মানুষকে বিভিন্ন সেবা ও সরকারি সুযোগ-সুবিধার জন্য জনপ্রতিনিধিদের পেছনে দিনের পর দিন ঘুরতে দেখেছি। আমি এই চিত্রের পরিবর্তন করতে চাই। জনগণের সেবা করার জন্য কারও অনুমতির অপেক্ষায় থাকতে চাই না। জনগণই আমার কাছে সবচেয়ে বড়। চেয়ারম্যানের চেয়ার আমার কাছে ক্ষমতার নয়, দায়িত্বের চেয়ার,” বলেন অলিউল্লাহ অলি।

ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের সুখ-দুঃখ ও নানা সমস্যার খোঁজখবর নিচ্ছেন। অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ব্যক্তিগতভাবে তাদের খোঁজ নেওয়ার পাশাপাশি স্থানীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি। এতে খারুয়া ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে নির্বাচনী আমেজও তৈরি হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অলিউল্লাহ অলির গণসংযোগ ও মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের বিষয়টি অনেকের নজর কেড়েছে। বিশেষ করে অসুস্থ, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের খোঁজখবর নেওয়ায় তাঁর প্রতি স্থানীয়দের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে বলে জানান তারা।

স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, “আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই, যাকে প্রয়োজনে কাছে পাওয়া যাবে এবং যিনি মানুষের কথা শুনবেন। শুধু নির্বাচনের সময় নয়, সারা বছর সাধারণ মানুষের পাশে থাকবেন—এমন নেতৃত্বই আমাদের প্রয়োজন।”

আলহাজ্ব মোঃ ওয়ালী উল্লাহ বলেন, “জনগণ আমাকে দায়িত্ব দেওয়ার সুযোগ দিলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করব। খারুয়া ইউনিয়নের প্রতিটি মানুষের অধিকার ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে একটি সুন্দর, আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই।”

এসএ