চট্টগ্রামের ফটিকছড়িতে ইটভাটায় অবৈধভাবে মাটি সরবরাহ করতে টিলা কাটার অভিযোগ দীর্ঘদিনের। প্রশাসনের সাম্প্রতিক অভিযানে টিলা কাটার ঘটনায় দুই ব্যক্তি আটক ও ২০ হাজার টাকা জরিমানা হওয়ায় অবৈধভাবে মাটি সরবরাহের বিষয়টি আবারও সামনে এসেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উপজেলার বিভিন্ন এলাকায় টিলা কেটে গোপনে মাটি সংগ্রহ করে তা সরবরাহ করা হয় ইটভাটায়। এতে গত দেড় যুগে সমতল হয়েছে উপজেলার বহু টিলা।
১৩ সেপ্টেম্বর ফটিকছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ধুরুং খালের পাশে একটি টিলা থেকে অনুমোদন ছাড়া মাটি কাটার অভিযোগে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় প্রায় ২৪ বস্তা মাটিসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।
পরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারায় তাদের মোট ২০ হাজার টাকা জরিমানাও করা হয়।
প্রশাসন জানিয়েছে, জব্দ করা মাটি ধ্বংস না করে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের কাজে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে।
স্থানীয় পরিবেশবাদী সংগঠনগুলোর দাবি, শুধু টিলা কাটার স্থানে অভিযান চালিয়ে এ প্রবণতা বন্ধ করা যাবে না। টিলা কাটা, মাটি পরিবহন ও ইটভাটায় সরবরাহের পুরো চক্র চিহ্নিত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ বলেন, জনস্বার্থে অবৈধভাবে টিলা কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এসএ




Comments