Image description

জাতীয় গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের গৌরীপুরে আওয়ামী লীগ নেতার একটি দোকানে অভিযান চালিয়ে ৩ টন ২৫ কেজি টিএসপি ও ২৫ কেজি ইউরিয়া সার জব্দ করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের পালুহাটি বাজারে এ অভিযান পরিচালনা করেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমীন পাপ্পা।

অভিযানের খবর পেয়ে পালুহাটি বাজারের কীটনাশক ব্যবসায়ী রফিকুল ইসলাম সুজন পালিয়ে যান বলে জানা গেছে। তিনি অচিন্তপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পালুহাটি গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।

পরে ওই দোকানের তালা ভেঙে ভেতর থেকে ৩ টন ২৫ কেজি টিএসপি ও ২৫ কেজি ইউরিয়া সার জব্দ করা হয়। অভিযান শেষে দোকানটি সিলগালা করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে।

এদিকে একই সময়ে পালুহাটি বাজারে অবৈধভাবে প্রায় দুই টন সার মজুত করার অভিযোগে আতাউর রহমানের দোকানেও ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। তিনি পালুহাটি গ্রামের মৃত রুকন উদ্দিনের ছেলে। এ ঘটনায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

আতাউর রহমান জানান, তাঁর নিজের নামে সারের কোনো লাইসেন্স নেই। তাঁর ছোট ভাই আবুল কাসেমের খুচরা সারের লাইসেন্সের মাধ্যমে তিনি ব্যবসা করে আসছেন।

ইউএনও আফিয়া আমীন পাপ্পা জানান, দোকান থেকে অবৈধ সার জব্দ করা হয়েছে। দোকানটি সিলগালা করে ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। এছাড়া অবৈধভাবে সার মজুদের দায়ে একজন ব্যবসায়ীকে অর্থদণ্ড করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ জানান, জব্দ করা সার নকল হতে পারে বলেও অভিযোগ রয়েছে। এ কারণে সারগুলোর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার ফল পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএ