কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযান
১৪ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল জব্দ
কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৪ লাখ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। রোববার ও সোমবার (১৩ ও ১৪ সেপ্টেম্বর) সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ৪৭ বিজিবির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
প্রথম অভিযানে ১৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে পশ্চিম ধর্মদাহ বিওপির একটি চৌকস টহল দল পশ্চিম ধর্মদাহ মাঠ এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ ও ২ হাজার ৮৮০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত এসব মাদকের আনুমানিক মূল্য ৮ লাখ ৭৯ হাজার টাকা।
একই রাতে আনুমানিক ১১টা ১০ মিনিটে রামকৃষ্ণপুর বিওপির টহল দল নিচপাড়া কাঁচা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৫০ বোতল ভারতীয় মদ, ৭৪০ পিস সাইপ্রোহেপ্টাডিন ও ৬৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য ৪ লাখ ৯২ হাজার টাকা।
এ ছাড়া ১৪ সেপ্টেম্বর রাত ১২টা ৫০ মিনিটে প্রাগপুর বিওপির একটি টহল দল গরুরা কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে ৬১ হাজার ৬০০ টাকা মূল্যের ১ হাজার ১২০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি জব্দ করে।
বিজিবি জানায়, তিনটি অভিযানে জব্দ করা মাদক ও চোরাচালানি মালামালের সর্বমোট আনুমানিক মূল্য ১৪ লাখ ৩২ হাজার ৬০০ টাকা। জব্দ করা মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
৪৭ বিজিবির অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলা এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবির কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।
এসএ




Comments