জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরা শহরের কেশব মোড় এলাকার বাসভবনে সংস্কারকাজ শুরু হয়েছে। গত ৬ আগস্ট রাতে বাড়িটির প্রধান ফটকে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার প্রায় এক মাস পর সংস্কারকাজ শুরু হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, কয়েক দিন ধরে দোতলা ভবনটির বাইরের অংশে রঙের কাজ করছেন শ্রমিকেরা। সংস্কারকাজ চলাকালে বাড়িতে সাকিবের পরিবারের কোনো সদস্য বা ঘনিষ্ঠ কাউকে দেখা যায়নি।
কাজে নিয়োজিত শ্রমিকেরা জানান, তারা কেবল ভবন মেরামতের দায়িত্ব পালন করছেন। সাকিব আল হাসান দেশে ফিরবেন কি না কিংবা বাড়িতে পরিবারের কেউ আসবেন কি না—এ বিষয়ে তাদের কোনো জানা নেই। রঙের কাজ শেষ হওয়ার পর হামলায় ক্ষতিগ্রস্ত সিঁড়িঘর ও জানালার ভাঙা কাচ মেরামত করা হবে বলে জানান তারা।
এর আগে গত ৬ আগস্ট রাতে সাকিবের বাড়ির প্রধান ফটকে পেট্রল ঢেলে আগুন দেওয়ার পাশাপাশি ইটপাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ভবনের কয়েকটি জানালার কাচ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। তবে ওই ঘটনায় কেউ আহত হননি বলে মাগুরা সদর থানার তৎকালীন কর্মকর্তা জানিয়েছিলেন।
এদিকে আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। সাকিব আল হাসান ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার আদাবর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ২৮ নম্বর আসামি হিসেবে তাঁর নাম রয়েছে।
রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি দেশে ফিরবেন কি না, তা নিয়ে নানা জল্পনা-কল্পনা থাকলেও মাগুরার বাড়িতে চলা এই সংস্কারকাজের সঙ্গে সাকিবের দেশে ফেরার কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ডিআর




Comments