মাদারীপুরে যৌতুকের দাবিতে সুমি আক্তার (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রামের শ্বশুরবাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সুমি ডাসার উপজেলার পূর্ব দর্শনা এলাকার চান্দু মোল্লার মেয়ে।
নিহতের স্বজনদের অভিযোগ, প্রায় আড়াই বছর আগে মাদারীপুর সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রামের ইরান হাওলাদারের ছেলে আকবর হাওলাদারের সঙ্গে সুমি আক্তারের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই পারিবারিক নানা বিষয় নিয়ে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। সম্প্রতি দুই লাখ টাকা যৌতুকের দাবিতে সুমিকে শারীরিক ও মানসিকভাবে চাপ দিতে থাকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। চাহিদাকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেওয়া হয়।
স্বজনদের আরও অভিযোগ, নির্যাতনের ধারাবাহিকতায় রোববার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে সুমিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত স্বামী আকবর হাওলাদারসহ শ্বশুরবাড়ির লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়। মর্মান্তিক এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিআর




Comments