আশুলিয়ায় বিএনপি সমর্থিত প্রার্থীকে সমর্থন না করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. ইসরাফিল হোসেনকে সমর্থন করায় শাজাহান নামে এক পোশাক শ্রমিককে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষ বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর মিয়ার স্বজন ও অনুসারীদের বিরুদ্ধে এ হামলার অভিযোগ আনা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগী পোশাক শ্রমিক শাজাহানের কাছ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর আগে রোববার রাত সাড়ে ১০টার দিকে ধামসোনা ইউনিয়নের ভাদাইল মধ্যপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত শাহজাহান মিয়া ভাদাইল উত্তরপাড়ার বাসিন্দা কফিল উদ্দিনের ছেলে। তিনি ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) এক্সপেরিয়েন্স নামের একটি পোশাক কারখানায় কর্মরত রয়েছেন।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, রোববার রাতে ভাদাইল মধ্যপাড়া এলাকায় অবস্থানকালে শরীফ, তাঁর ভাই আরিফ, হিরন এবং চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর মিয়ার মামা কুরবান আলীর সঙ্গে শাহজাহানের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা শাহজাহানকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইসরাফিল হোসেন বলেন, "শাহজাহান একটি পোশাক কারখানায় চাকরি করে এবং মাঝেমধ্যে আমার নির্বাচনী কার্যালয়ে আসে। আমার পক্ষে প্রচারণা ও সমর্থন করায় বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল গফুরের লোকেরা তাঁকে পিটিয়ে আহত করেছে। নির্বাচন ও সমর্থনের গণতান্ত্রিক অধিকারে বাধা দেওয়া হচ্ছে। এমন সহিংসতায় শ্রমিক সমর্থকেরা আতঙ্কে রয়েছেন। আমি তদন্তপূর্বক জড়িতদের শাস্তির দাবি জানাই।"
তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর মিয়া জানান, তিনি ঢাকায় অবস্থান করায় ঘটনাটি সম্পর্কে অবগত নন। এলাকায় ফিরে খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারবেন বলে জানান তিনি।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, "শাহজাহান নামে এক ব্যক্তিকে মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
ডিআর




Comments