সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও হারানো মালামাল উদ্ধারে জেলা পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়ায় উদ্ধার হওয়া ৩৭টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রযুক্তির সহায়তায় দীর্ঘ অনুসন্ধানের পর মোবাইল ফোনগুলো উদ্ধার করে কুষ্টিয়া সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়। কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম স্ব-স্ব মালিকের কাছে ফোনগুলো হস্তান্তর করেন।
দীর্ঘদিন পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে উপস্থিত মালিকদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় তারা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম উপস্থিত নাগরিকদের প্রযুক্তি ব্যবহারে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান সময়ে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সতর্ক হতে হবে। গণপরিবহন, বাজার কিংবা জনবহুল স্থানে চলাচলের সময় মোবাইল ফোন ব্যবহারে বাড়তি সতর্কতা অবলম্বন করলে হারানো বা চুরি হওয়ার ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব।
তিনি আরও বলেন, ডিজিটাল জগতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত সেবা পৌঁছে দিতে জেলা পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। সাইবার অপরাধ দমন এবং হারানো মালামাল দ্রুত উদ্ধারে এ ধরনের জনকল্যাণমূলক অভিযান অব্যাহত রাখতে কুষ্টিয়া সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদসহ কুষ্টিয়া পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কর্মকর্তা ও সদস্যরা।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মোবাইল ফোন হারিয়ে গেলে বা চুরি হলে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর সেই তথ্যের ভিত্তিতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল আধুনিক প্রযুক্তি, ট্র্যাকিং ও তদন্তের মাধ্যমে ফোন উদ্ধারের চেষ্টা করে। জেলা পুলিশের এ ধরনের কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও উপকারভোগীরা।
এসএ




Comments