রাজশাহী রেঞ্জ ডিআইজি
‘অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না’
মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন রাজশাহী রেঞ্জের নবনিযুক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তি ছাড়াই সহজে পুলিশি সেবা পায়, তা নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কঠোর নির্দেশ দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে মহানগরীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
দুপুর ১২টায় শুরু হওয়া এই মতবিনিময় সভায় রাজশাহী মহানগরী ও জেলার সামগ্রিক অপরাধ পরিস্থিতি, সামাজিক নানা অসংগতি এবং আইনি সেবা নিতে গিয়ে সাধারণ মানুষের বাস্তব ভোগান্তির চিত্র ডিআইজির সামনে তুলে ধরেন গণমাধ্যমকর্মীরা। পুলিশি সেবাকে কীভাবে আরও দ্রুত ও কার্যকর উপায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে সাংবাদিকরা বেশ কিছু গঠনমূলক প্রস্তাব ও পরামর্শ দেন।
উপস্থিত সাংবাদিকদের বক্তব্য ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন রেঞ্জ ডিআইজি মো. আশিক সাঈদ। তিনি আশ্বস্ত করে বলেন, "থানা বা পুলিশি কোনো দপ্তরে আইনি সহায়তা নিতে এসে কোনো সাধারণ নাগরিক যেন হয়রানি কিংবা অনাকাঙ্ক্ষিত ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে জিরো টলারেন্স দেখানো হবে। সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পুলিশ কর্মকর্তাদের ভূমিকা আরও গতিশীল ও জবাবদিহিমূলক করা হচ্ছে।"
চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, "সমাজকে বিষাক্ত করে তোলা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের অভিযান চলবে নির্মোহভাবে। অপরাধীর কোনো দলীয় বা সামাজিক পরিচয় দেখা হবে না; আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
পুলিশের সামগ্রিক কার্যক্রমকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করে তুলতে গণমাধ্যমের ভূমিকাকে অপরিহার্য উল্লেখ করেন ডিআইজি। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি এলাকার যেকোনো অপরাধমূলক তৎপরতা ও সামাজিক সমস্যার গোপন তথ্য দিয়ে পুলিশ প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার আন্তরিক আহ্বান জানান।
মতবিনিময় সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী আরআরএফের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) দীন মোহাম্মদ এবং রাজশাহী জেলার পুলিশ সুপার মামুন অর রশীদসহ রেঞ্জ ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তারা।
ডিআর




Comments