হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মক্রমপুর গ্রামে বসতঘরের সিঁদ কেটে ভিতরে প্রবেশ করে রুস্তম আলী (৩৫) নামে এক পরিবহন শ্রমিককে কুপিয়ে মারাত্মক ক্ষতবিক্ষত করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কর্মরত চিকিৎসক তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে উপজেলার মক্রমপুর গ্রামে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। আহত রুস্তম আলী পেশায় এক জন ইঞ্জিনচালিত টলি চালক।
আহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমাতে যান রুস্তম আলী। রাত ২টার দিকে হঠাৎ তাঁর যন্ত্রণাকাতর চিৎকারের শব্দ শুনে ঘুম ভেঙে যায় স্ত্রীর। তিনি উঠে দেখতে পান রুস্তম আলী রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন। পরে তাঁর ডাকচিত্কারে স্বজন ও স্থানীয়রা ছুটে এসে সিঁদ কাটার বিষয়টি লক্ষ্য করেন এবং রুস্তম আলীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান।
পরিবারের সদস্যরা আরও জানান, পেশাগত কারণে প্রায় দুই মাস আগে রুস্তম আলীর সঙ্গে তাঁর ব্যবসায়িক অংশীদারের (পার্টনার) বিরোধ সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে স্থানীয় মুরুব্বিরা বৈঠক করে বিষয়টি মীমাংসা করে দেন। এ ছাড়া গ্রামে তাঁর সঙ্গে আর কারও কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত শত্রুতা ছিল না।
ঘটনার পর মঙ্গলবার দুপুরে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক জানান, "ঘটনাটি আমরা অবগত হওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। আশা করছি খুব দ্রুতই হামলার প্রকৃত রহস্য উদঘাটন করে জড়িয়াদের আইনের আওতায় আনা সম্ভব হবে।"
ডিআর




Comments