চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নিচে পড়ে মো. রাহাত নামে তিন বছরের এক কোলের শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে ৬টার দিকে উপজেলার ইছাখালী এলাকার জাকির হোসেন রোডের মদিনা টাওয়ারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিশু রাহাত বাবা-মায়ের সঙ্গে ইছাখালী জাকিরাবাদ গুচ্ছগ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। ভ্রমণ শেষে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে চলন্ত অবস্থায় হঠাৎ অসাবধানতাবশত মায়ের কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় সে। এ সময় অনাকাঙ্ক্ষিতভাবে অটোরিকশার একটি চাকা শিশুটির পেটের ওপর দিয়ে চলে গেলে সে গুরুতর আহত হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়।
তাত্ক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নিহত রাহাত উপজেলার মরিয়মনগর সৈয়দবাড়ী পাঁচপাড়া এলাকার মালয়েশিয়া প্রবাসী রুবেলের একমাত্র সন্তান। তার মায়ের নাম সুমি আকতার।
কোলের শিশুকে চোখের সামনে এভাবে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা-মা ও স্বজনরা। অবুঝ শিশু রাহাতের এই অকাল ও করুণ মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ডিআর




Comments