বানিয়াচংয়ে বাসচাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত, আহত ২
হবিগঞ্জের বানিয়াচংয়ে যাত্রীবাহী বাসের চাপায় শ্রাবণ সরকার (২০) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা অপর দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বানিয়াচং-আজমিরীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রাবণ সরকার বানিয়াচং উপজেলার ২ নম্বর ইউনিয়ন পরিষদের বিদ্যাভূষণ পাড়ার বাসিন্দা সুন্দন সরকারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে শ্রাবণ সরকার তাঁর দুই সহযোগীকে নিয়ে মোটরসাইকেলযোগে বানিয়াচং-আজমিরীগঞ্জ মহাসড়কে ঘুরতে বের হন। ভ্রমণের একপর্যায়ে আজমিরীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী বাস তাঁদের মোটরসাইকেলটিকে সজোরে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে শ্রাবণ সরকার ঘটনাস্থলেই প্রাণ হারান এবং তাঁর সাথে থাকা দুই সহযোগী গুরুতর আহত হন।
খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে মরদেহের ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘাতক বাসটিকে আটক করা এবং চালককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ডিআর




Comments