মুন্সিগঞ্জে জমকালো আয়োজনে দৈনিক মানবকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সত্যনিষ্ঠ ও তথ্যভিত্তিক সাংবাদিকতার মধ্য দিয়ে পাঠকের আস্থা অর্জনকারী জাতীয় দৈনিক ‘মানবকণ্ঠ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী মুন্সিগঞ্জের শ্রীনগরে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শ্রীনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে "সত্যের দীপ্ত অভিযাত্রায় মানবকণ্ঠ" প্রতিপাদ্যকে সামনে রেখে এই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সম্পন্ন হয়।
দৈনিক মানবকণ্ঠের মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক মানবকণ্ঠের শ্রীনগর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ ছিবগাতুল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তার স্টাফ রিপোর্টার আসলাম শেখ, মানবকণ্ঠের সিরাজদিখান প্রতিনিধি, দৈনিক মুন্সিগঞ্জের বার্তার মাল্টিমিডিয়া প্রতিনিধি আসাদউজ্জামানসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে মানবকণ্ঠ তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের নানান অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি পাঠকের মনে জায়গা করে নিয়েছে। এই মিলনমেলা স্থানীয় সাংবাদিক সমাজের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত সম্পর্ক আরও জোরদার করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। অনুষ্ঠানটি কেবল একটি প্রতিষ্ঠানের বার্ষিকী উদ্যাপন নয়, বরং স্থানীয় পর্যায়ে দায়িত্বশীল ও মানসম্পন্ন সাংবাদিকতার চর্চাকে আরও উৎসাহিত করবে বলে বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন।




Comments