জলাতঙ্ক রোগ প্রতিরোধ এবং মানুষ ও প্রাণীর নিরাপদ সহাবস্থান নিশ্চিতের লক্ষ্যে যশোরের বেনাপোল পৌর এলাকায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্ক টিকা (ভ্যাক্সিন) প্রদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
“একটি টিকা একটি জীবন, একটি নিরাপদ শহর”—এই স্লোগানকে সামনে রেখে বেনাপোল পৌরসভার উদ্যোগে গত সোমবার (১৪ সেপ্টেম্বর) শুরু হওয়া এই বিশেষ ক্যাম্পেইন আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেষ হয়।
বেনাপোল পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর রাশিদা খাতুন টিকা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে বেওয়ারিশ কুকুরগুলোকে জলাতঙ্ক টিকা দেওয়ার পাশাপাশি শনাক্তকরণের সুবিধার্থে তাদের গায়ে লাল রঙের প্রলেপ বা চিহ্ন লাগিয়ে দেওয়া হয়েছে। পৌরসভার কর্মীরা বিশেষ জালের সাহায্যে নিরাপদে কুকুরগুলো ধরে এই টিকাদান কর্মসূচি পরিচালনা করেন। এই কার্যক্রম দেখতে স্থানীয় লোকজনের মাঝে বেশ উৎসাহ লক্ষ্য করা গেছে।
বিশেষজ্ঞদের মতে, জলাতঙ্ক একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ, যা সাধারণত আক্রান্ত প্রাণীর কামড় বা আঁচড়ের মাধ্যমে মানুষের দেহে ছড়াতে পারে। ২০১০ সালের আগে বাংলাদেশে প্রতিবছর আনুমানিক দুই হাজার মানুষ জলাতঙ্কে মারা যেত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ২০২২ সালের তথ্য অনুযায়ী, গণহারে কুকুরের টিকাদান কর্মসূচি সফলভাবে পরিচালনার ফলে বাংলাদেশে জলাতঙ্কে মৃত্যুর হার ৫০ শতাংশের বেশি কমে এসেছে। বেনাপোলের এই উদ্যোগ জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




Comments