Image description

টাঙ্গাইলের সখীপুরে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত দুই সন্তানের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে মা আকলিমা আক্তারের বিরুদ্ধে। এ ঘটনায় সাড়ে তিন বছর বয়সী শিশু মো. আশরাফুল নিহত হয়েছে। আহত হয়েছে তার ৯ বছর বয়সী বোন সিরজাতুন। গুরুতর আহত অবস্থায় সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বড়চওনা ইউনিয়নের খালিয়াড়বাইদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ও আহত দুই শিশু ওই এলাকার মো. শাহীন মিয়ার সন্তান। অভিযুক্ত আকলিমা আক্তার শাহীনের দ্বিতীয় স্ত্রী।

পরিবারের সদস্যদের অভিযোগ, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শাহীন মিয়া ও আকলিমা আক্তারের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। বুধবার গভীর রাতে ওই বিরোধের একপর্যায়ে আকলিমা ধারালো ছুরি দিয়ে ঘুমন্ত দুই শিশুকে আঘাত করেন বলে অভিযোগ করা হয়।

পরে রক্তাক্ত অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাড়ে তিন বছর বয়সী আশরাফুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সিরজাতুনের অবস্থার অবনতি হলে তাকে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন।

খবর পেয়ে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ নিহত শিশুর মরদেহ ও অভিযুক্ত আকলিমা আক্তারকে থানায় নিয়ে যায়। প্রাথমিক সুরতহালসহ আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পেছনের মূল কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলটি দুই থানার সীমানাসংক্রান্ত এলাকায় হওয়ায় মামলা দায়েরের বিষয়ে কিছুটা জটিলতা রয়েছে। সীমানা নির্ধারণের পর এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএ