Image description

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘রাজপথের নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা একটি কার্যকর জাতীয় সংসদ তৈরি করেছি। সেখানে বিরোধী দল সরকারি দলকে সমালোচনা করার অবাধ সুযোগ ও অধিকার পাচ্ছে।’

তিনি বলেন, ‘বিরোধী দল প্রতিদিন প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও সরকারের ভুল-ত্রুটি তুলে ধরে ন্যায্য-অন্যায্য সমালোচনা করছে। মানুষের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি রাজনৈতিক সংস্কারের কাজেও আমাদের নেতা হাত দিয়েছেন এবং জাতীয় সংসদকে কার্যকর করেছেন।’

‘আমরা বিশ্বাস করি, সংসদ যদি সব রাজনীতির কেন্দ্রবিন্দু হয়, তাহলে রাজপথে নৈরাজ্য ফিরে আসবে না’—যোগ করেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় বরিশালের গৌরনদী উপজেলার সরিকল-বাটাজোর খালের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমানের রোপণ করা গাছের পরিচর্যা ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, ‘দেশের পুলিশ প্রশাসনকে আমরা জনগণের সেবক হিসেবে গড়ে তুলতে চাই। বিগত সরকার পুলিশের ইউনিফর্মকে তাদের রাজনৈতিক দলের একটি বাহিনীতে পরিণত করেছিল। পুলিশের গায়ে তারা খুন, গুম ও দুর্নীতির বদনাম দিয়েছে। যে কারণে বেনজীরের মতো লোক আজ পালিয়ে বেড়ায়।’

তিনি বলেন, ‘একজন পুলিশের আইজি যখন অপরাধ করে পালিয়ে বেড়ান, তখন ইউনিফর্ম পরা একজন কনস্টেবলেরও খারাপ লাগে। আমরা পুলিশকে তাদের মান-সম্মান ও মর্যাদা আবার ফিরিয়ে দিতে চাই।’

তিনি আরও বলেন, ‘দেশের আমলাতন্ত্রকে তারা দখল করে দলবাজ বানিয়ে ফেলেছিল এইচ টি ইমামের নেতৃত্বে। আমরা সেই আমলাতন্ত্রকে নিরপেক্ষ করতে চাই। দেশের ব্যাংকের আমানতকারীদের টাকা লুটেরাদের হাতে দিয়ে ভালো ভালো ব্যাংককে তারা ধ্বংস করেছে। আমরা সেই ব্যাংকগুলোকে আবার নিজের পায়ে দাঁড় করিয়ে আমানতকারীদের টাকা নিরাপদ রাখা এবং প্রকৃত শিল্প উদ্যোক্তাদের ঋণ দেওয়ার ব্যবস্থা করছি।’

শেয়ারবাজার প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্ষুদ্র বিনিয়োগকারীদের নিঃস্ব করে দেওয়া হয়েছিল। আমরা সেই শেয়ারবাজারকে আবার আস্থাশীল একটি বাজারে পরিণত করতে চাই, যাতে বিনিয়োগকারীরা সেখানে বিনিয়োগ করেন এবং সেই অর্থ দেশের অর্থনীতিতে কাজে লাগে।’

খাল খননের গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেন, ‘খাল খননের মাধ্যমে যদি আমরা প্রতিটি জমিতে পানি পৌঁছাতে পারি এবং দেশে উৎপাদন বাড়াতে পারি, তাহলে খাদ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ আরও এগিয়ে যেতে পারবে।’

গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত পরিচর্যা ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা, সদস্যসচিব আল-আমিন মোল্লা, যুগ্ম আহ্বায়ক রাজিব খান, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, হীরা রহমান সাদ্দাম, সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর হাসান তানিম, সাধারণ সম্পাদক মুন্না খানসহ বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা।

এসএ