Image description

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়নে সেনা জোনের উদ্যোগে স্থানীয়দের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, ওষুধ ও চশমা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দিনব্যাপী সাজেকের মাসালং মিলনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসাসেবার আয়োজন করা হয়। সেনা জোনের সহায়তায় এবং চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন ও লায়ন্স ক্লাব চিটাগাং ফিনিক্সের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সাজেক ইউনিয়নের বিভিন্ন এলাকা ও আশপাশের পাড়া থেকে আসা শতাধিক পাহাড়ি ও বাঙালি বাসিন্দাকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়। এ সময় ৪১ জনকে বিনামূল্যে চশমাও প্রদান করা হয়।

সেনা জোন সূত্রে জানা গেছে, আগামী ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৫ জন রোগীকে সেনা জোনের নিজস্ব ব্যবস্থাপনায় লায়ন্স চক্ষু হাসপাতালে চোখের অস্ত্রোপচারের জন্য চট্টগ্রামে নেওয়া হবে।

চিকিৎসাসেবা কার্যক্রমে সেনা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. হাবিবুল্লাহ হাবিব এবং চট্টগ্রাম লায়ন্স হাসপাতাল থেকে আগত চক্ষু বিশেষজ্ঞরা উপস্থিত রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।

দুর্গম পাহাড়ি এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে সেনা জোনের আওতাধীন ভুয়াছড়ি, মাসালং ১৪ কিলো, গঙ্গারাম বাজার, বাঘাইহাট, মুশফিক, সাজেক পর্যটন এলাকা ও ক্ষেত্রপুরসহ বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে চিকিৎসাসেবা দিয়ে আসছে সেনাবাহিনী।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার মাসালং এলাকায় চক্ষু চিকিৎসাসেবার আয়োজন করা হয়। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনা জোন।

এসএ