Image description

বাগেরহাটের ফকিরহাটে গরু নিয়ে যাওয়ার পথে একটি ভ্যানকে পেছন থেকে সোহাগ পরিবহনের বাস ধাক্কা দিলে ভ্যানযাত্রী মো. জাহিদুল ইসলাম খলিল (৪৭) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে নাহিদ হাসান (২০) ও ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার লখপুরের খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. জাহিদুল ইসলাম খলিল খুলনার লবণচরার মোক্তার হোসেন সড়ক এলাকার ছামাদ আকনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জাহিদুল ইসলাম খলিল ও তাঁর ছেলে নাহিদ হাসান উপজেলা বেতাগা পশুরহাট থেকে একটি গরু কিনে ভ্যানযোগে খুলনার দিকে যাচ্ছিলেন। খাজুরা এলাকায় পৌঁছালে খুলনাগামী সোহাগ পরিবহনের একটি বাস ভ্যানটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানযাত্রী জাহিদুল ইসলাম খলিল ঘটনাস্থলেই নিহত হন। আহত নাহিদ হাসান ও ভ্যানচালককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে নাহিদ হাসানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

উপজেলা মেডিকেল অফিসার ডা. সৈয়দা রেহেনা আক্তার জানান, সড়ক দুর্ঘটনায় আহত ওই ব্যক্তিকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহাজাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও সহযোগী পালিয়ে গেছেন।

এসএ