Image description

বৈশ্বিক কর্মসূচি ‘গ্লোবাল উইক অব অ্যাকশন’ (Global Week of Action)-এর অংশ হিসেবে জলবায়ু ন্যায়বিচার, জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ এবং দ্রুত, ন্যায্য ও অর্থায়নকৃত জ্বালানি রূপান্তরের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ এবং স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর যৌথ উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর কলাপাড়া সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া প্রেসক্লাবের সদস্য রফিকুল ইসলাম মিরাজ, পরিবেশ সংগঠক সাইফুল্লাহ মাহমুদ এবং আমরা কলাপাড়াবাসীর সাবেক সভাপতি নজরুল ইসলামসহ অন্যরা।

বক্তারা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও কপ-৩১ (COP31)-এর প্রাক্কালে আয়োজিত বৈশ্বিক কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেন। তারা জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ, জলবায়ু অর্থায়ন নিশ্চিত এবং জনগণের জন্য দ্রুত ও ন্যায্য জ্বালানি রূপান্তর বাস্তবায়নের দাবি জানান।

এ ছাড়া কলাপাড়ায় কয়লাভিত্তিক দুটি বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে থাকা বিপুল পরিমাণ খালি জায়গায় সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর দাবি জানান বক্তারা।

এসএ