Image description

কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নীলফামারীর ডিমলা উপজেলায় প্রায় তিন ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা পুলিশের সদস্যরা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর নীলফামারী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ডিমলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে পুলিশের একাধিক দলকে ডিমলা বিজয় চত্বর, মেডিকেল মোড়, ডিমলা সদর ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকাসহ বিভিন্ন স্থানে অবস্থান ও তৎপরতা চালাতে দেখা যায়। সন্ধ্যার পর শুরু হওয়া এ অভিযান প্রায় তিন ঘণ্টা ধরে চলে।

ডিমলা পুলিশের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা, মাদকসেবন ও মাদকসংক্রান্ত অপরাধ প্রতিরোধে নজরদারি জোরদারের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর যেসব স্থানে কিশোর ও তরুণদের আড্ডা এবং সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যায়, সেসব এলাকাকে অভিযানের আওতায় রাখা হয়।

অভিযান চলাকালে বিভিন্ন স্থানে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করা হয় এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের উপস্থিতি জোরদার করা হয়। একই সঙ্গে মাদক ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

তবে অভিযান পরিচালনার খবর পেয়ে কিশোর গ্যাংয়ের সদস্য ও মাদকসেবীরা ঘটনাস্থল থেকে সরে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশের আকস্মিক ও দীর্ঘ সময়ের অভিযানকে ঘিরে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। স্থানীয়দের অনেকে মনে করেন, নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হলে মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরও দৃশ্যমান হবে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকানো এবং মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। অপরাধের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

এসএ