Image description

ভ্রমণের উদ্দেশ্যে সাজেক যাওয়ার পথে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক ও উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে ছয় পর্যটককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে কয়েকটি গাড়িতে করে একটি পর্যটক দল সাজেক উপত্যকার উদ্দেশ্যে রওনা হয়। সকালে গাড়িগুলো বাঘাইহাট বাজার এলাকায় যানজটে পড়লে ভেতরে থাকা কয়েকজন পর্যটক বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন ধরনের রাজনৈতিক স্লোগান দিতে থাকেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে সাজেক থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্লোগান দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয় পর্যটককে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার মো. ফারদিন এহসান হৃদয় (২৪), হবিগঞ্জের সুশান্ত পাল (২৩), ব্রাহ্মণবাড়িয়ার ইয়াছিন (৩২), পটুয়াখালীর মো. সাইফুল ইসলাম (২৭), হবিগঞ্জের হারুন ইসলাম তুষার (২৬) এবং রিয়াজ উদ্দিন ভূঁইয়া (২৩)।

সাজেক থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, পর্যটনকেন্দ্রিক শান্ত পরিবেশে রাজনৈতিক ও উসকানিমূলক স্লোগানের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। আটক ব্যক্তিরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শান্তি বজায় রাখার স্বার্থে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।

এসএ