কালিয়াকৈরে ব্যবসায়ী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার
গাজীপুরের কালিয়াকৈরে ব্যবসায়ী মো. আজিবর রহমান হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি সাগর হোসেনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাগর হোসেন (২০) কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া এলাকার শরীফ হোসেনের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই রাতে কালিয়াকৈর উপজেলার ফটিকমার্কেট এলাকা থেকে অটোরিকশাযোগে নিজ বাড়ি ঠাকুরপাড়ায় ফিরছিলেন ব্যবসায়ী আজিবর রহমান। পথে ঠাকুরপাড়া বাজার এলাকায় শরীফ হোসেন, তার দুই ছেলে সুমন ও সাগরসহ কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র ও লোহার পাইপ দিয়ে আজিবর রহমানকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
এতে গুরুতর আহত আজিবর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২৬ দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৯ আগস্ট তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী নারগিস আক্তার বাদী হয়ে শরীফ হোসেন, তার দুই ছেলে সাগর হোসেন ও সুমন হোসেনকে আসামি করে কালিয়াকৈর থানায় মামলা করেন। মামলার পর আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। তবে ঘটনার পর তারা পলাতক ছিলেন বলে জানায় পুলিশ।
পরে দীর্ঘ এক মাস পর শুক্রবার দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া বাজার এলাকা থেকে মামলার ২ নম্বর আসামি সাগর হোসেনকে গ্রেপ্তার করা হয়।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বলেন, ঠাকুরপাড়া এলাকার ব্যবসায়ী আজিবর রহমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাগর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এসএ




Comments